Tuesday, 4 June 2013

‘অধিকাংশ কারখানা রাতারাতি ভেঙে পড়বে এমনটি নয়’ প্রথম আলো ডেস্ক | ০৫-০৬-২০১৩

বাংলাদেশের ৬০ শতাংশ পোশাক কারখানা ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে গত সোমবার এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল প্রকৌশলী পরিচালিত একটি জরিপের বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে ওই দাবি করা হয়। তবে জরিপ পরিচালনাকারী দল বলেছে, তারা পত্রিকার ওই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নয়। তা ছাড়া, জরিপের কাজ এখনো শেষ হয়নি। জরিপ চলছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জরিপ দলের নেতা অধ্যাপক আনসারি প্রথম আলোকে বলেন, ‘৬০ শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ—কথাটি ঠিক নয়। তবে, এগুলো খুব সুবিধাজনক অবস্থায় নেই। এগুলো রাতারাতি ভেঙে পড়বে, এমনটিও নয়।’ সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১০০-এর বেশি পোশাককর্মীর মৃত্যু এবং আরও অনেক ব্যক্তির আহত হওয়ার বেদনাদায়ক ঘটনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টি এই জরিপ চালায় বলে গার্ডিয়ান-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে। পত্রিকাটি বলেছে, জরিপ দলের প্রকৌশলীরা এখন পর্যন্ত তিন হাজারের বেশি পোশাক কারখানা রয়েছে এমন ৬০০ ভবনের ১০০টিতে জরিপের কাজ শেষ করেছেন। প্রতিবেদনে অধ্যাপক আনসারির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, জরিপ দলের জানার বাইরেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেক পোশাক কারখানা থাকতে পারে। তবে জরিপ পরিচালনাকারী দল চায়নি, এ নিয়ে কোনো আতঙ্ক সৃষ্টি হোক। এ জন্য তারা বলেছে, ‘কারখানাগুলো এই মুহূর্তে চালু থাকতে পারে।’ পোশাক কারখানাগুলোর ঝুঁকি প্রসঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের বক্তব্য উদ্ধৃত করে পত্রিকাটি বলেছে, ‘এখন খুবই কঠিন সময়। রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

No comments:

Post a Comment