৩ মে (রেডিও তেহরান) : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহি সভাপতি শাহরিয়ার কবির সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে আওয়ামী লীগকে 'বিশ্বাসঘাতক'আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, 'সংশোধিত সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রেখে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে।'
আজ (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে কমিটির ২১তম বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠক থেকে বেরিয়ে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, ‘বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম এবং ধর্মীয় রাজনীতি সংবিধানে থাকতে পারে না। আমরা কমিটির কাছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। একই বিষয়ে কবি সৈয়দ শামসুল হক বলেছেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান '৭২-র সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ রেখে যদি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারেন তাহলে এখন সমস্যা কোথায় ?'আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অনেকবার সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দেয়ার এবং ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সম্প্রতি তারা জনমতের বিষয়টি বিবেচনা করে সংবিধান সংশোধন কমিটির কাছে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে অভিমত দিয়েছে। এছাড়া, তারা ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করবে না বলেও ঘোষণা দিয়েছে। এ প্রেক্ষাপটেই শাহরিয়ার কবিরসহ আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীরা সরকারের সমালোচনা শুরু করেছেন।
এদিকে, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও সংবিধান সংশোধন কমিটির আজকের বৈঠকে মিশ্র প্রস্তাব এসেছে। অনেকে বলেছেন, এই ব্যবস্থার দরকার নেই। আবার কেউ বলেছেন, দুই মেয়াদের পর এই বিধান উঠয়ে দেওয়া উচিত। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগের বিষয়টির দিকে লক্ষ্য রাখা উচিত।' তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বড় দুইটিসহ সকল রাজনৈতিক দল একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ না করলে কোনো লাভ হবে না।'
অন্যদিকে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘সংবিধানে জাতির জনক ও ঘোষকের নাম যুক্ত করা উচিত নয়। এ বিষয়টি যাতে না থাকে সেজন্য কমিটির কাছে প্রস্তাব রাখা হয়েছে। আমি বলেছি, এমন কোনো বিধান রাখা যাবে না যাতে পরবর্তী সরকার এসে তা পরিবর্তন করতে পারে।'
গত ২৮ এপ্রিল সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে এ বৈঠকের কথা সাংবাদিকদের জানান। আগামীকাল বুধবার পত্রিকার সম্পাদকদের মতামত নেবে কমিটি। #
তেহরান রেডিও/ এআর/এমএইচ/৩-১৭-এন {jcomments on}
No comments:
Post a Comment